আইপিএল নিলামে বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে জমজমাট লড়াই হয়েছে। শেষ পর্যন্ত এই লড়াইয়ে জয়ী হয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। এর ফলে দিল্লির পর এবার কলকাতাই হলো টাইগার পেসারের নতুন ঠিকানা। মোস্তাফিজকে দলে ভেড়াতে ৯ কোটি ২০ লাখ রুপি ব্যয় করেছে তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজিটি।
২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠেন মোস্তাফিজুর রহমান। শুরু থেকেই তার প্রতি আগ্রহ দেখায় দিল্লি ক্যাপিটালস। গত মৌসুমে বদলি খেলোয়াড় হিসেবে দিল্লির হয়ে খেলা ‘দ্য ফিজ’-এর জন্য দ্রুতই বিডে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও, যে দলে তিনি আগে সফল সময় কাটিয়েছেন।দিল্লি ও চেন্নাইয়ের প্রতিদ্বন্দ্বিতায় দর বাড়তে বাড়তে ৫ কোটির ঘর ছাড়ায়। একপর্যায়ে ৫ কোটি ৪০ লাখ রুপিতে গিয়ে দিল্লি বিড থেকে সরে দাঁড়ায়। তখন ধারণা করা হচ্ছিল, মোস্তাফিজ হয়তো আবারও চেন্নাই সুপার কিংসে ফিরছেন।
তবে ঠিক সেই মুহূর্তে নিলামে নাটকীয় মোড় নেয় পরিস্থিতি। হঠাৎ করে বিডে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স। চেন্নাই ৭ কোটি রুপি পর্যন্ত দর বাড়ালেও কেকেআর পিছু হটেনি। দুই দলের টানাপোড়েনে দর আরও বাড়তে থাকে।
শেষ পর্যন্ত ৯ কোটি ২০ লাখ রুপিতে গিয়ে চেন্নাই সরে দাঁড়ালে গ্যাভেল পড়ে কলকাতার পক্ষে। এর মধ্য দিয়ে মোস্তাফিজুর রহমানের নাম উঠে যায় কলকাতা নাইট রাইডার্সের তালিকায়।
নিলামে বড় অঙ্কের এই চুক্তির মাধ্যমে নতুন চ্যালেঞ্জে পা রাখলেন মোস্তাফিজ। তার বৈচিত্র্যপূর্ণ কাটার এবং ডেথ ওভারে কার্যকর বোলিং কলকাতার বোলিং আক্রমণকে আরও শক্তিশালী করবে বলে আশা করছে ফ্র্যাঞ্চাইজিটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
