কাতার নয়,খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে জার্মানি থেকে।বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য কাতার আমিরের বিশেষ উদ্যোগে জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় আসবে। ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, বিকেল ৫টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এটি অবতরণ করবে।
এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় যাত্রা স্থগিত হয়। বিএনপির মিডিয়া সেল তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স এখনও না পৌঁছানোয় লন্ডনে নেওয়ার প্রক্রিয়া কিছুটা পিছিয়ে যাচ্ছে।ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও যাবতীয় ভাড়া ও ব্যবস্থাপনা করছে কাতার সরকার। এর আগে কারিগরি ত্রুটির কারণে শুক্রবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছায়নি।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শনিবার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছালে রোববার (৭ ডিসেম্বর) খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। তবে ফ্লাইটে যাত্রা করতে পারবেন কি না তা চিকিৎসকরা নির্ধারণ করবেন।শুক্রবার নয়াপল্টনের মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব বলেন, বেগম জিয়া গণতন্ত্রের জন্য জীবন উৎসর্গ করেছেন। কারাগার থেকেই তার অসুস্থতার সূচনা হয়েছে। চিকিৎসার অভাবে তিনি গুরুতর অসুস্থ হয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া করার আহ্বান জানান।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসার প্রস্তুতির অংশ হিসেবে লন্ডন থেকে ঢাকায় এসেছেন ডা. জুবাইদা রহমান। শুক্রবার সকালে তিনি বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান। কিছুক্ষণ অবস্থানের পর দুপুরে তিনি ধানমন্ডির পৈতৃক বাসভবনের উদ্দেশে রওনা হন এবং বিকেল ৩টার দিকে বাসায় পৌঁছান।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
